বন্যপ্রাণী হত্যায় যুবককে জরিমানা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৮

কবুতর খাওয়ায় বেজির ফাঁসি

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় কবুতর খাওয়ার দায়ে একটি বেজিকে ফাঁসি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্যপ্রাণী হত্যার দায়ে নজরুল ইসলাম নামের এক যুবককে বুধবার দুপুরে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী এ জরিমানা করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের দক্ষিণ ভূর্ষী গ্রামের ফরিদ আহমদের ছেলে নজরুল ইসলাম ঘরে কবুতর পালন করে। বেশ কিছুদিন ধরে বেজি কবুতরের বাসায় ডুকে প্রায় ৮/১০টি কবুতর খেয়ে ফেলে। এতে সে ক্ষিপ্ত হয়ে বাসার পাশে বেজি ধরার ফাঁদ বসায়। রবিবার ঐ ফাঁদে বেজিটি ধরা পড়ে। পরে সে বেজিটিকে মেরে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এ ঘটনা তার ফেসবুক লাইভ দিয়ে ভিডিও ছাড়ে। ভিডিও ভাইরাল হলে পটিয়া বন বিভাগের নজরে এলে বন্যপ্রাণী নিধনের অভিযোগে বুধবার দুপুরে তাকে গ্রেফতার ও পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ধরনের বন্যপ্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। তাকে গ্রেফতার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিনের কাছে নিলে ঐ জরিমানাসহ তাকে সতর্ক করা হয়।