স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রণোদনার দাবিতে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে হাসপাতালের কর্মরত নার্সরা। এসময় হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিট চালু হওয়ায় একই স্ট্রেচার ও লিফটে সাধারণ ও করোনা রোগীর যাতায়াত করলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানান তারা। গতকাল বুধবার দুপুরে পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা অবস্থান নেয়। পরে আশ্বাস পেয়ে কাজে ফিরে যান তারা। স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি ফোরকান আলী বলেন, ‘করোনায় সরকারের বিশেষ প্রণোদনা অন্যান্য হাসপাতালের নার্সরা পেলেও আমরা পাইনি।’ রংপুর মেডিক্যাল নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মানিক বলেন, ‘আমাদের ন্যায্য পাওনা দ্রুত সময়ের মধ্যে না পেলে কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করব।’ রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, নার্সদের একটি তালিকা নার্সিং অধিদপ্তরে পাঠানো হলেও সেটি এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
