সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৯

ডুবে গেছে ফসল

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কয়েক দিনের প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে নিম্নাঞ্চলের ফসল ডুবে নষ্ট হচ্ছে। গত কয়েক দিন যাবত্ ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার করে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে ছয় সেন্টিমিটার পানি বেড়ে বিপত্সীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, জেলায় বন্যানিয়ন্ত্রণবাঁধ নিরাপদ আছে। কোথাও আশঙ্কাজনক অবস্থা নেই। এছাড়া শহর প্রতিরক্ষা হার্ড পয়েন্ট এখন আশঙ্কামুক্ত। হার্ড পয়েন্ট এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর সার্বক্ষণিক নজরদারি রয়েছে। বিশেষ করে হার্ড পয়েন্টে সব সময় তথ্য সংগ্রহ করা হচ্ছে। কয়েক দিন আগে হার্ড পয়েন্টে বন্যায় ধসে যাওয়া অংশে বালুভর্তি জিও ব্যাগ এবং সিসি ব্লক ফেলায় হার্ড পয়েন্ট এখন নিরাপদ।