বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশালের বাবুগঞ্জ থেকে মঙ্গলবার বিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৮-এর সদস্যরা।  বুধবার দুপুরে র্যাব-৮-এর সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাব জানতে পারে বাবুগঞ্জের রাজগুরু নতুন চরের এলাকার মাদকজাতীয় দ্রব্য কেনাবেচা হচ্ছে। ঐ খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—মো. সোহেল খান ও মো. খবির হাওলাদার। পরবর্তী সময়ে তাদের কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ২৫৫ টাকা এবং মো. সোহেল খানের বরিশাল নগরীর কাউনিয়ার বসতবাড়ি তল্লাশি করে দুটি রামদা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব-৮, সিপিএসসির ডিএডি মো. আব্দুল্লাহ বাদী হয়ে বাবুগঞ্জ থানা এবং মেট্রোপলিটন কাউনিয়া থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছেন।