সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৫০

 

রংপুরে খাদ্যসহায়তা পেলেন ১০০ কর্মহীন মানুষ

স্টাফ রির্পোটার, রংপুর রংপুরে কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্নআয়ের ১০০ মানুষের মধ্যে বুধবার খাদ্যসহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। রংপুর জিলা স্কুল মাঠে খাদ্য সহায়তা ঐ ব্যক্তিদের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার  মেজর জেনারেল এস এম কামরুল হাসান। এ সময় রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মুনতাসির শামীম লাইকো, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিকরা পেলেন খাদ্যসামগ্রী

সুনামগঞ্জ প্রতিনিধি কর্মহীন শ্রমিকদের মধ্যে বুধবার প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ আবুল হোসেন মিলনায়তনে ৩০০ শ্রমিকের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার প্রমুখ।

শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা করোনার কারণে কর্মহীন অসহায় দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নিতাই ইউনিয়নের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৪০ জন বাসিন্দা এবং বিভিন্ন ইউনিয়নের শতাধিক মানুষকে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান প্রমুখ।  

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার সরঞ্জাম প্রদান

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে বুধবার করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা সরঞ্জাম দেওয়া হয়েছে। এ সরঞ্জাম প্রদান করেছেন বগুড়া টি এম এস এস মেডিক্যাল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. নারায়ণ চন্দ্র বাড়ই। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসানের হাতে এসব চিকিত্সা সরঞ্জাম তুলে দেওয়া হয়।

অসহায়দের মধ্যে প্রণোদনা  বিতরণ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে করোনার কারণে কর্মহীন নিম্ন আয়ের ও অসহায় মানুষের মধ্যে বুধবার সরকারি প্রণোদনার নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। পাঁচটি ইউনিয়নের প্রায় ৬০০ অসহায় মানুষকে ৪৫০ টাকা করে নগদ এবং ২৩৫ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।  এ সময় মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশের কার্যক্রম পরিদর্শনে ডিআইজি

নেত্রকোনা প্রতিনিধি জেলার সার্বিক করোনা ভাইরাস প্রতিরাধ সংক্রান্ত পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম বুধবার নেত্রকোনা শহরের বিভিন্ন এলাকায় তদারকি করেছেন ময়মনসিংহ বিভাগের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি এ দিন নেত্রকোনার মগড়া সেতু এলাকা, শ্যামগঞ্জ বাজার, হিরনপুর বাজার, চল্লিশা বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে ডিআইজি স্থানীয় মিডিয়া কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

খাদ্যসহায়তা পেল ২০ পরিবার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে বুধবার করোনার কারণে কর্মহীন ২০ পরিবার পেয়েছে খাদ্যসহায়তা। তারা ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই পেয়েছে এসব খাদ্য সহায়তা। সাতটি পরিবারের মধ্যে এসব খাদ্যসহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।

মহেশপুরে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা করোনা রোগীদের জরুরি অক্সিজেন  সেবা প্রদানের জন্য মঙ্গলবার বিকালে মহেশপুর হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও মেয়র। মহেশপুর হাসাপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তার জমিরের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার পেলেন অটো রিকশাচালকরা

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে লকডাউনের কারণে কর্মহীন ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহারের এসব খাদ্যসামগ্রী অটো রিকশাচালকদের হাতে তুলে দেওয়া হয়। লকডাউনের মধ্যে রাস্তায় চলাচলকারী ১০৫টি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে সিট নিয়ে জমা রাখে পুলিশ। ঐসব ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

 

 

০