জিম্বাবুয়ে গেলেন রুবেল-মিঠুনরা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। একমাত্র টেস্টের প্রথম দিনেই ব্যাটিংয়ে সংগ্রাম করছে মুমিনুল বাহিনী। টেস্টের পর স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলবে বাংলাদেশ দল। দেশে থেকে যাওয়া ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটারদের জিম্বাবুয়ে যাত্রার সময় বদলে গেছে। গতকাল রাতেই জিম্বাবুয়ে উড়াল দিয়েছেন ওয়ানডে দলের ক্রিকেটাররা।

কাতার এয়ারলাইনসের ফ্লাইটে বুধবার দিবাগত ভোর ৪টা ২৫ মিনিটে দেশ ছেড়েছেন সাত ক্রিকেটার। বিসিবির লজিস্টিকস বিভাগ গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে খেলতে মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান বিমানে চড়েছেন।

আজ রাতে একই সময়ে শুধু টি-২০ খেলতে জিম্বাবুয়ে যাবেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন—সৌম্য সরকার, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও শামীম হোসেন পাটোয়ারি। যদিও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই ওয়ানডে ও ১৬ জুলাই টি-২০ দল জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল।