খুলনায় করোনায় মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:০৩

কবরস্থানগুলোতে লাশ দাফন বেড়েছে তিন গুণ!

এনামুল হক, খুলনা অফিস

খুলনায় করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। চাপ বেড়েছে কবরস্থানেও। প্রতিদিনই লাশ দাফনের সংখ্যা বাড়ছে। বর্তমানে স্বাভাবিকের চেয়ে তিন গুণ লাশ দাফন বেড়েছে কবরস্থানগুলোতে। করোনায় মৃত্যুর বিষয়টি কেউ কেউ গোপন করছেন। এর বাইরেও স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির লাশেরও দাফন চলছে।

একদিকে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর চাপ, অন্যদিকে নগরীর কবরস্থানগুলোতে বেড়েছে লাশ দাফনের চাপ। খুলনা সিটি করপোরেশনের আওতাধীন নগরীর টুটপাড়া কবরস্থান, বসুপাড়া কবরস্থান, লবণচরা হাজি আব্দুল মালেক জান্নাতুল বাকি কবরস্থান, নিরালা কবরস্থান, গোয়ালখালী কবরস্থান, মহেশ্বরপাশা কবরস্থান এবং দেয়ানা কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করা হয়। এর মধ্যে টুটপাড়া ও গোয়ালখালী কবরস্থানে দাফনের সংখ্যা আগের তুলনায় তিন গুণ বেড়েছে বলে সংশ্লিষ্ট কবরস্থানের রেজিস্ট্রাররা জানান।

টুটপাড়া কবরখানার রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, এখানেও আগের চেয়ে দাফনের সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। করোনার মৃতদের পাশাপাশি স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিরের লাশও দাফন করা হচ্ছে। তিনি বলেন, আগে প্রতি সপ্তাহে তিন-চারটি লাশ দাফন করা হলেও সেখানে এখন প্রতিদিন চার-পাঁচটি লাশ দাফন করা হচ্ছে। আগে করোনায় মৃত ব্যক্তির লাশ স্বেচ্ছাসেবীরা এসে দাফন করত। এখন মানুষের মধ্যে ভয় কমেছে। অনেক ক্ষেত্রে স্বজনরা এসে দাফন করছেন।

গোয়ালখালী কবরস্থানের রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, গত ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সাত দিনে সর্বোচ্চ ৪২ জনের দাফন করা হয়েছে। এর আগের এক সপ্তাহে ৩৬ জনের লাশ দাফন সম্পন্ন করেছি। গত মঙ্গলবার পাঁচ জনের লাশ ছিল। এর মধ্যে যারা বাড়িতে করোনায় মারা যাচ্ছেন তাদের মৃত্যুর বিষয়টি স্বজনরা অনেক সময় গোপন রাখছেন।

নগরীর বসুপাড়া কবরস্থানের রেজিস্ট্রার রুহুল আমিন বলেন, প্রতিদিন দুই একজন করে লাশ দাফন করা হচ্ছে। টুটপাড়া ও গোয়ালাখালী কবরখানায় লাশের দাফন বেশি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।