পিস্তল ও চাপাতি উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইসলাম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল, ৩১০ পিস ইয়াবা ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—নরসিংদী শহরের সাটিরপাড়ার মৃত হারিছ মিয়ার ছেলে সুমন ওরফে শুটার সুমন, বকুলতলার আবু কালামের ছেলে দেলোয়ার, চৈতালপাড়ার বাদল মিয়ার ছেলে সনেট, সাটিরপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাকিব মিয়া ও শিবপুর থানার বাড়ৈগাঁও এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইব্রাহিম।
গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, পূর্বশত্রুতার জেরে গত ১ জুলাই সন্ধ্যায় শহরের হোসেন বাজার এলাকায় ইসলাম মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ঐদিন রাতেই ১৬ জনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন নিহতের মেয়ে ইয়াসমিন বেগম। মামলা করার পর ঐদিনই চার আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার সুমন ওরফে শুটার সুমনকে গ্রেফতার করা হলে সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আসামি দেলোয়ার হোসেনকে এবং তার কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
