কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা রোগীর সেবায় নিয়োজিত ছাত্রলীগের দুই স্বেচ্ছাসেবী সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম ঐ দুজনকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন হূদয় ও সম্রাট। গত সোমবার রাতে হাসপাতালের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, করোনা রোগীর সেবায় নিয়োজিত জেলা ছাত্রলীগ গঠিত স্বেচ্ছাসেবী টিমের সদস্য হূদয় ও সম্রাট রাত ৯টার দিকে এক রোগীর ওষুধ কিনতে হাসপাতাল গেটের সামনে যান। এ সময় তিন-চার জন দুর্বৃত্ত অকস্মাত্ হূদয়কে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে গেলে সম্রাটকেও তারা হাসপাতাল গেটের অদূরে কলকাকলি স্কুলের সামনে নিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে অন্য স্বেচ্ছাসেবীরা ছুটে এসে আহতদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে। হামলার সঠিক কারণ পুলিশ এখনো জানাতে পারেনি। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
