ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম শহীদ আর নেই

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:০৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহীদ (৭১) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত মঙ্গলবার রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার বাদজোহর টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

এনামুল করিম শহীদ ১৯৭০ সালে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে অধ্যয়নকালীন যুক্ত ছিলেন জাতীয় ছাত্র ইউনিয়নের সঙ্গে। তাকে ডেকে নিয়ে তত্কালীন সামরিক সরকার জিয়াউর রহমান ছাত্রদল গঠনের দায়িত্ব দেন। ১৯৭৯ সালের ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে নির্বাচন করেন। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে এরশাদ ক্ষমতায় আসীন হলে এনামুল করিম শহীদ এরশাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে তাকে আবার বন্দি করা হয়। তিনি এলাসিনে  মওলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে কলেজ প্রতিষ্ঠা করে সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।