মোদির মন্ত্রিসভায় নতুন মুখ ৩৬, সাত জনের পদোন্নতি পশ্চিমবঙ্গ থেকেই চার মন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:১৫

আগেই পদত্যাগ চার প্রভাবশালী মন্ত্রীর

ইত্তেফাক ডেস্ক

ভারতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এলো ৩৬ নতুন মুখ। সাত জনের পদোন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেই চার জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। এ নিয়ে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মোট সদস্য হয়েছে ৭৭ জন। এর আগে ৫২ জন সদস্য ছিল। গতকালই শপথ নিয়েছেন নতুন সদস্যরা। করোনা ভাইরাস মহামারি সামলানো এবং অর্থনীতির দুরবস্থা নিয়ে সমালোচনার মধ্যেই এই পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী মোদি। খবর এনডিটিভির

গতকাল মন্ত্রিসভায় রদবদলে নতুন মুখ আসার চেয়ে আলোচনার জন্ম দিয়েছিল কয়েক জন মন্ত্রীর পদত্যাগ এবং কয়েক জনকে বাদ দেওয়া নিয়ে। প্রযুক্তি ও আইনমন্ত্রী রাভি শংকর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদ করের পদত্যাগ গতকাল দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। বিশেষ করে রাভি শংকর প্রসাদের পদত্যাগ সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হর্ষবর্ধন। সরকার জানিয়েছে, মন্ত্রিসভার ২০ শতাংশ বাদ গেছে। কাজের সফলতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।

রদবদলে মন্ত্রিসভায় উত্তরপ্রদেশের সাত জন স্থান পেয়েছেন। এই রাজ্যটিতে আগামী বছরই বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। চার জনই প্রতিমন্ত্রী হচ্ছেন বলে সূত্রের খবর। পদত্যাগী মন্ত্রীদের তালিকায় আছেন পশ্চিমবঙ্গের দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। রায়গঞ্জের এমপি দেবশ্রী চৌধুরী ২০১৯ সাল থেকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর আসানসোলের এমপি বাবুল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।

স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টায় শপথ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বেশ কয়েক দিন ধরেই জল্পনা ছিল। মন্ত্রিসভায় রদবদলের আগে গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডাকে সম্ভাব্য মন্ত্রীরা গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন যারা নতুন মন্ত্রী হতে চলেছেন। সেই তালিকায় সর্বানন্দ সোনোওয়াল ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নামও ছিল।