চলতি মাসেই কোভ্যাক্সের ৩৫ লাখ ডোজ টিকা আসছে :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:১৬

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ চলতি মাসে কোভ্যাক্সের আওতায় আরো ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন পাবে। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ জাপান থেকে ২৫ লাখ এবং ইইউ থেকে আরো ১০ লাখ ভ্যাকসিন পেতে যাচ্ছে। এগুলো সম্ভবত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হবে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা বর্তমানে ভালো অবস্থানে আছি। আমাদের লাইনআপ রয়েছে। আমি মনে করি, ভ্যাকসিনের কোনো সংকট নেই এবং কোনো বাধা ছাড়াই ভ্যাকসিন কর্মসূচি চলমান থাকবে।

চীন ও রাশিয়ার টিকার বিষয়ে ড. মোমেন বলেন, ঢাকা চীন ও রাশিয়া থেকে কোভিড ভ্যাকসিন ক্রয়ের জন্য সক্রিয়ভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। ভারত থেকে ভ্যাকসিন আসার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াদিল্লি কিন্তু কখনোই বলেনি যে, তারা ভ্যাকসিন দেবে না। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি ঘটলেই ঢাকা ক্রয়কৃত অবশিষ্ট ভ্যাকসিন পাবে।