বরিশাল অফিস
বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নারী আসামিকে যৌন ও শারীরিক নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিটি যথাসময়ে রিপোর্ট দিতে পারেনি। তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরো সাত দিন সময় বাড়িয়েছেন তারা। এছাড়া উজিরপুর থানায় ওসি এবং পরিদর্শক (তদন্ত) প্রত্যাহারের পর ঐ থানায় নতুন একজন ওসি পদায়ন করা হয়েছে।
আদালতের নির্দেশে ঐ নারী ৫ জুলাই কারাগারে থেকেই বাহক মারফত উজিরপুর থানার তত্কালীন ওসি, পরিদর্শক (তদন্ত), সার্কেল (পদ) এবং অজ্ঞাতনামা আরো দুই/তিন জনকে আসামি করে থানায় মামলা করেন। সার্কেল পদের ব্যক্তিকে শনাক্তকরণ এবং অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করতে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মো. সোয়াইব এবং বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ হোসেন সরদারের সমন্বয়ে গত ৪ জুলাই দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ডিআইজি। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল ৭ জুলাই ছিল তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার শেষ দিন। কিন্তু তারা প্রতিবেদন জমা দিতে পারেননি। বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, সুষ্ঠু তদন্তের জন্য ঐ নারীর সঙ্গে কথা বলতে হবে কমিটির। কিন্তু ঐ নারী বর্তমানে কারাগারে রয়েছেন। আদালতের অনুমতি নিয়ে ঐ নারীর সঙ্গে সাক্ষাত্ করবেন কমিটির সদস্যরা। এ কারণে কমিটি সময় বৃদ্ধির আবেদন করেছে। তদন্তের স্বার্থে আরো সাত দিন সময় দেওয়া হয়েছে।
