সালিশে তরুণীকে বিয়ে

চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০০:৩৩

সালিশ করতে গিয়ে কিশোরীকে বিয়ে করার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী শফিক আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি করেন।

গত ২৮ জুন স্থানীয় সরকার বিভাগ ঐ চেয়ারম্যানকে বরখাস্ত করে আদেশ জারি করে। আদেশে বলা হয়, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ঐ চেয়ারম্যান।