ডেঙ্গুতে মারা গেলেন জবি শিক্ষক সাঈদা নাসরিন

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০০:৩৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী (৩৫) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২১ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাঈদা নাসরিন বাবলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট, রাষ্ট্রপতির স্বর্ণপদকপ্রাপ্ত বাবলী ৩২তম বিসিএসে প্রথম হন।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শোক প্রকাশ করেছেন।