জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়, সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক অনির্ধারিত বৈঠকে এই আহ্বান জানান। চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধি এবং কর্মহীন মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সারা দেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্তহাতে তা মোকাবিলা করবে। বঙ্গবন্ধু বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হবে। এজন্য দেশের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানাব তারা যেন ছিন্নমূল অসহায় এবং গরিব-দুঃখী মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেন। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেশে চলমান লকডাউন মেনে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন মুখ থুবড়ে পড়েছিল, বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন ছিল না। বাংলাদেশও এই করোনায় আক্রান্ত হয়। কিন্তু মানবতার সফল নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে জীবন এবং জীবিকা উভয়কে একই সঙ্গে পরিচালনা করে, সঠিক ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু সরকারই নয়, দলগতভাবেও আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক একজন মানুষকেও আমরা না খেয়ে কষ্ট পেতে দেব না। যথাযথ স্বাস্থ্যবিধি এবং দেশের চলমান লকডাউন মেনে দেশের তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
