সিডনিতে লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হলো

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৬:০০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইরত অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার জানিয়েছে, তারা করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেলটা ধরনের বিরুদ্ধে লড়াইয়ে থাকায় তাদের এই ‘কঠিন সিদ্ধান্তটি’ নিতে হয়েছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ২৬ জুন শহরটিতে ‘বাড়িতে অবস্থান করুন’ আদেশ জারি করা হয়েছিল। কিন্তু জরুরি কাজে বাড়ির বাইরে যেতে বাধ্য হওয়া কিছু লোক আক্রান্ত হলে স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটে। এ প্রাদুর্ভাবে প্রায় ৩৩০ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছর সিডনিতে সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা। বৃহত্তর সিডনি, ইউলংগং ও সেন্ট্রাল কোস্ট এলাকার ৫০ লাখেরও বেশি বাসিন্দা ‘বাড়িতে অবস্থান করুন’ আদেশের অধীনে আছেন। এই বিধিনিষেধ শুক্রবার তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু তা ১৬ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে স্কুলও বন্ধ থাকবে। 

Sydney to Know Wednesday If 'Last Lockdown' to be Extended - Bloomberg

নিউ সাউথ ওয়েলস সরকার বলেছে, লকডাউনের কারণে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যে ‘চাপ ও যাতনা’ ভোগ করছে তা বুঝতে পারছেন তারা। তারপরও কর্মকর্তারা জানিয়েছেন, দৈনিক শনাক্তের হার ও টিকা দেওয়ার নিম্নগতির অর্থ বিধিনিষেধ আরো বাড়ানোর দরকার হতে পারে। বুধবার সেখানে ২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি