কুষ্টিয়ায় একদিনে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:১৭

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ১০ জন ও উপসর্গে ৭ জন মারা যান। এনিয়ে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

১ সপ্তাহে করোনায় মৃত্যু হাজারেরও বেশি

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৩৪টি নমুনা পরীক্ষায় নতুন আরও ২৩২ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ২৮৬ জনের। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ১৫৭ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালের সম্পূর্ণ বেডগুলো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আওতায় আনা গেলে সব রোগীকেই প্রয়োজন মত উচ্চমাত্রার অক্সিজেন দেওয়া যাবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানান, হাসপাতালে উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বাড়ানো হয়েছে। বর্তমানে হাসপাতালে অক্সিজেন সঙ্কট নেই। তবে সংক্রমণ রোধ ও স্বাস্থ্য না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।  

ইত্তেফাক/এমআর