প্রেমের পাহারা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:১৯

ট্রিগারে হাত রেখে তাক ক’রে বসে আছে

ভাড়াকরা গুলিকর।

দীর্ঘ দিনগুলো লুটে পড়ে রাত্রির আঁচলে

কিন্তু কোথায় কী?

না আসে চোর না আসে চামেলী!

 

জোয়ারে উজ্জ্বল, ভাটাতে নিষ্প্রভ—এ বাড়ির বড় ছেলে

প্রেমের পেরেশানে যুক্তাক্ষরহীন রোগে-শোকে ‘রুগ্ন।’

 

সারাদিন রেডিওতে তরঙ্গ বদলায়

হুটহাট থামে, তখন চিন্তিত দেখায়

ফরাসি ভাষার কথন থেকে সকল চন্দ্রবিন্দু

একে একে তুলে—রাগে রাত নামলে

ছুড়ে মারে চাঁদের চরিত্রের দিকে।

 

শিস দেয়, শরবত খেতে খেতে

পুরোনো ভৃত্যকে বোঝায়—

প্রেম হলো রগচটা, খিটমিটে মেজাজের বড় ভাই

আঞ্চলিক দোষে দু-একবার জেলখাটা একগুঁয়ে ক্যারাভান

যে কিনা মাঝেমধ্যে দু-চার পেগ বেশি খেয়ে

বাড়ি ফেরে রাত ক’রে। চোখ দুটো লাল।