গানে গানে তিন কিংবদন্তীকে স্মরণ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:২০

বাংলাদেশের সঙ্গীত জগতের তিন দিকপাল সুবীর নন্দী, এন্ড্রু কিশোর ও আইয়ুব বাচ্চু’র স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে এক স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজক ছিলেন আলমগীর খান আলম।

৫ জুলাই সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইড কুইন্স প্যালেসে এ আয়োজন করা হয়। মূলত বিগত সময়ে আলমগীরের একাধিক আয়োজনে এই তিন বরেণ্য শিল্পী পারফর্ম করেছেন যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগতভাবেও তাই ভীষণ আবেগগঘণ ছিল এই আয়োজন।

স্মরণসভার সঞ্চালক ছিলেন আলমগীর খান আলম নিজেই। বক্তব্য নয়, স্মৃতিচারণ করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবি নাজনীন এবং বাংলাদেশের আরেক জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন। এছাড়াও ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। আয়োজনে শিল্পীদের ট্রিবিউট করে গান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন তানভীর শাহীন, শাহ্ মাহবুব, আফতাব জনি, চন্দন চৌধুরী, রাজিব, রায়হান তাজ সহ অনেকে। স্মরণসভার শুরুতে সকলে এই তিন গুণীশিল্পীর প্রতি শ্রদ্ধায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

আলমগীর খান আলম তার স্মৃতিচারণে বলেন, ‘মূলত এই তিন গুণী শিল্পীই ব্যক্তিগতভাবে আমাকে ভীষণ স্নেহ করতেন। কাজের বাইরেও কথা হতো অনেক। তাই নিজের তাগিদ থেকেই এমন আয়োজন করা। প্রত্যেকের বিভিন্ন সংকটসময়ে পাশে থাকতে পেরেছিলাম এটাই আমার জীবনের বড় অর্জন বলে মনে করি।’