ঈদ উল আযহা উপলক্ষে প্রকাশ পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি ও রঞ্জনের দ্বৈত রোমান্টিক গান। উল্লেখ্য, রঞ্জন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরীর সুযোগ্য পুত্র হিসেবে এরইমধ্যে নিজেকে শ্রোতাপ্রিয় করে তুলেছেন। গানের পাশাপাশি রঞ্জন একজন ডেন্টাল সার্জন হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।
শুভমিতার সাথে দ্বৈত গান প্রসঙ্গে রঞ্জন বলেন, ‘এত গুণী একজন শিল্পীর সাথে গান গাওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। কারণ শুভমিতার মতো পরিশিলীত একজন শিল্পীর সাথে গাইলে গানটিও এক ভিন্ন মাধুর্যতা পায়। দিদির যখন থেকে গান শুনেছি তখন থেকেই আমার ইচ্ছা ছিল তার সাথে গাইবার আর সেই ইচ্ছা থেকেই দিদির সাথে যোগাযোগ করি। উনি আমার সুর এবং গান দুই পছন্দ করেছেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি একটি রোমান্টিক মেলোডি গান এপার আর ওপার বাংলার শ্রোতাদের উপহার দেয়ার জন্য।
করোনা পরিস্থিতির কারনে সঙ্গীত আয়োজন থেকে শুরু করে রেকর্ডিং, ভিডিও সবকিছু এপার আর ওপার বাংলায় আলাদা আলাদা ভাবে ধারণ করা হয়েছে। রঞ্জন গানটির সঙ্গীত আয়োজন করেছেন সব্যসাচী রনি। যন্ত্র শিল্পী হিসেবে কাজ করেছেন তাহিম হাসান, নিখিলেশ বড়ুয়া ও প্রিতম আচার্য। গানটির রেকর্ডিং করা হয়েছে ভারতের কলকাতার ‘গানবাজনা’ স্টুডিও এবং চট্টগ্রামের কে, এস ডিজিটাল স্টুডিওতে।
