ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া আঞ্চলিক সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুই উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রামবাসী দ্রুত কালভার্টটি নির্মাণের দাবি জানিয়েছেন। জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া আঞ্চলিক সড়কটি ঈশ্বরগঞ্জ এলজিইডির তত্ত্বাবধানে রয়েছে। গত সোমবার ঐ সড়কের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল এলাকায় একটি কালভার্ট ভেঙে পড়ে যায়। এতে ঈশ্বরগঞ্জের সঙ্গে তারুন্দিয়া ইউনিয়ন, বড়হিত ইউনিয়নের একাংশ, গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে গ্রামের মানুষ ও যানবাহন চালকদের ঈশ্বরগঞ্জ সদরে যেতে হলে কয়েক কিলোমিটার ঘুরতে হচ্ছে। এদিকে কালভার্ট ভেঙে পড়ার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ এলজিইডি বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামাগোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য খসরু পারভেজ বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য বহু বছর আগে পুম্বাইল এলাকায় কালভার্টটি নির্মাণ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি সংস্কার না করায় ভারী বর্ষণে ভেঙে পড়েছে।’
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ হোসেন বলেন, ‘কালভার্ট ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অর্থবছরে কালভার্টটি নতুন করে নির্মাণ করা হবে।’
