সালার বিমানের ধ্বংসাবশেষ মিলেছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা এবং তার পাইলট ডেভিড ইবটসনকে বহনকারী বিমানটিকে ইংলিশ চ্যানেলে পাওয়া গেছে। এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) এমনটাই জানিয়েছে।

উদ্ধার অভিযানটির প্রধান ডেভিড মেয়ার্ন্স জানান, গত রবিবার সালা এবং ইবটসনকে বহনকারী বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মেলে। তিনি আরও জানান, দু’জনের পরিবারকেও এ ব্যাপারে জানানো হয়েছে। মেয়ার্ন্স টুইটারে লেখেন,‘এফভিপি মরভেন আজ সকালে এমিলিয়ানো সালা ও তার পাইলট ডেভিড ইবটসনকে বহন করা বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। এমিলিয়ানো সালা এবং ডেভিড ইবটসনের পরিবারকে পুলিশের মাধ্যমে এই সংবাদটি জানানো হয়েছে। এএআইবি কাল এ ব্যাপারে বিবৃতি দেবে। এমিলিয়ানো এবং ডেভিডের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।’  ব্যক্তিগত অর্থায়নে গত রবিবার একটি জলযানের মাধ্যমে সমুদ্রের নিচে সন্ধানকাজ শুরু করা হয় যাতে এএআইবির সংশ্লিষ্টতা ছিল। এর আগে বুধবার উদ্ধারকারী দলটি জানিয়েছিল উত্তর ফ্রান্সের একটি সমুদ্র সৈকতে বিমানের আসনের বালিশ পাওয়া গিয়েছিল। এটি সালাকে বহনকারী বিমানের বলে ধারণা করা হচ্ছিল।