গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০ বছর পার করে ২১ বছরে পদার্পণ করল। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বশেমুরবিপ্রবি ২১ বছরে পদার্পণ করলেও শিক্ষা কার্যক্রমের দিক থেকে ১১ বছরে পদার্পণ করল বিশ্ববিদ্যালয়টি। বৃহস্পতিবার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে পালিত হয় এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী। বিকালে ওয়েবিনারের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ জুলাই রিজেন্ট বোর্ডের ৭ম সভায় ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০০১ সালে আইন পাশের পরে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ২০১০ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নে সরকার এসআরও জারি করে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে অ্যাকাডেমি কার্যক্রম শুরু হয়।
