আমতলীতে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫১

আমতলীর চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে আমেনা (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খেলার জন্য দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে আমেনার মৃত্যু হয়। চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের রিকশাচালক হেলাল মাতুব্বরের মেয়ে আমেনা। বৃহস্পতিবার সকালে মেয়ে আমেনা ও ছেলে রবিউলকে (৩) ঘরে রেখে বাবা-মা যে যার মতো কাজে চলে যান। সকাল ১০টার সময় আমেনা তার ছোট ভাই রবিউলকে সঙ্গে নিয়ে খেলার জন্য রান্না ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি বেঁধে দোলনা বানাতে যায়। এ সময় ঐ রশির সঙ্গে গলা আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিউলের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে দেখেন আমেনার নিথর দেহ রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মেয়েটি রান্না ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে মারা গেছে। তার পরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।