শিমুলিয়াঘাটে যাত্রী ও যানবাহনের চাপ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫৫

টানা সাত দিন যাত্রী শূন্য থাকার পর হঠাত্ গতকাল শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। ঈদের আগে লকডাউন খুলছে না, এমন আশঙ্কায় রাজধানী ছেড়ে গ্রামে ছুটছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বিগত সাত দিন ঘাটের পার্কিং এলাকাগুলো ফাঁকা ছিল। তিনটি ফেরি ঘাটের জায়গায় একটি ফেরিঘাট চালু ছিল। যাত্রী ও যানবাহনের চাপের কারণে গতকাল তিনটি ফেরিঘাট চালু করা হয়েছে। এ কয়েক দিন যানবাহনের অপেক্ষায় ছিল ফেরি। কিন্তু গতকাল থেকে দ্বিতীয় ধাপের লকডাউন চালু হওয়ায় ঢাকা থেকে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করে ঘাটে আসছেন। বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, পদ্মায় প্রচণ্ড স্রোত। ১৬টি ফেরির মধ্যে এখন সাতটি ফেরি চলতে পারলেও অপর ফেরিগুলো স্রোতের কারণে চলতে পারছে না। আগে যাওয়া-আসায় দুই বা সোয়া দুই ঘণ্টা সময় লাগলেও এখন সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লাগছে। তিনি আরো বলেন শিমুলিয়ায় এখন কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে এখানে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির সঙ্গে যাত্রী ও ছোট গাড়ি পার হচ্ছে।