রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গতকাল আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সামসু মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিনের ধাওয়া পালটা ধাওয়া, গুলিবর্ষণ, ভাঙচুর ও হামলার ঘটনার জের ধরে গতকাল সকালে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা মহড়া দেয়।
এক পর্যায়ে তারা সামসু মিয়ার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তার মৃত্যু নিশ্চিত করেন। তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় পুলিশ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে গতকাল বিকালে ১২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন—ইউনুছ আলী, নূরে আলম, খোকন মিয়া, শফিকুল ইসলাম, খোকন আহম্মেদ, সোহেল মিয়া, আব্দুর রহমান, কামাল হোসেন, রুপা আক্তার, রোবেল আহম্মেদ, শাহ আলম ও জাহাঙ্গীর হোসেন। ঘটনাস্থল রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম পরিদর্শন করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ হোসেন বলেন, আটককৃত ১২ জনের মধ্যে জিজ্ঞাসাবাদের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল আবির হোসেন বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও জেলা গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে স্থানীয় আধিপত্য, মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার জের ধরে এলাকায় দুই গ্রুপে সংঘর্ষ চলে আসছে। সংঘর্ষে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শরীফ নামের একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ৪০ জন আহত হয়। পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
