ভবনে মশার লার্ভা, পৌনে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫৬

নির্মাণাধীন ভবনসহ পাঁচ ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় পৌনে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি ভ্রাম্যমাণ আদালত।  গতকাল করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর কদমতলা, বাসাবো স্কুল, হিরাঝিল গলি, ওয়াসা রোড, নয়াপল্টন ও শান্তিনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরীর কদমতলা, বাসাবো স্কুল, হিরাঝিল গলি, ওয়াসা রোড ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।

এ সময় তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় প্রতিটি ভবনের মালিককে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জরিমানাকৃত একটি ভবনের ভেতরে প্রচুর পানি ও ময়লা-আবর্জনা থাকায় আরেকটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নয়াপল্টন ও শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালত ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ডম-ইনো’ নির্মিত একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলায় ১ লাখ টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনেও এডিসের লার্ভা পাওয়ায় একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘জরিমানাকৃত তিনটি ভবনের মধ্যে একটি ভবন জলাধারের ওপর গড়ে তোলা হয়েছে। অভিযানকালে সেই বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা এবং ঐ জলাধারে প্রচুর পানি ও ময়লা-আবর্জনা থাকায় আরো ২৫ হাজার টাকাসহ সর্বমোট চার মামলায় ৩ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছি।’