পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, চলমান লকডাউন দুই সপ্তাহ অনেক বেশি দিন না। এ দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন। তা হলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। গতকাল বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নিজে নিজেকে বাঁচান। নিজে বাঁচলে বাঁচবে পরিবারের সদস্যরা। অকারণে ঘর থেকে বের হওয়া যাবে না। আর কেউ যদি কোনো কারণ ছাড়াই ঘর থেকে বের হন তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা ভাইরাস মোকাবিলায় এর থেকে আর কিছু নেই। নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ থাকতে দিন। পাশাপাশি গরিব অসহায় যারা আছেন তাদের পাশে সমগ্র বাংলাদেশের ব্যবসায়ী সমাজ আছে। তাদের যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত আছে।’ পরে অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের প্রায় ১ হাজার মানুষের মধ্যে তৈরি খাবার, মাস্ক, স্যানিটাইজার ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন পুলিশ প্রধান।
