সরকারি কঠোর বিধি-নিষেধকালে ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে বাজার অভিযান পরিচালনা করেছে। গতকালের অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর ও ওয়ারী এলাকায় অবস্থিত বিভিন্ন সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সেমাই তৈরির ময়দায় তেলাপোকার মলের উপস্থিতি এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য চারটি সেমাই কারখানাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সেইসঙ্গে গতকাল ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর বিভিন্ন ফ্যাক্টরি বাজার, সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। তদারকিকালে ভোজ্য তেল, চাল, পেঁয়াজ, চিনি, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না, তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক, স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশে ৭৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন। আসন্ন ঈদুল আজহা ও সরকারি কঠোর বিধিনিষেধ চলাকালীন এই সময়ে মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য ও যৌক্তিক মূল্যে বিক্রয় করতে ব্যবসায়ীদের আহ্বান জানান।
