শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ডেলটা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ডেলটা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, এ তদন্ত কমিটি ডেলটা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখবে। এছাড়া কোম্পানির শেয়ার লেনদেনে কোনো আইন লঙ্ঘন করেছে কি না—তাও খতিয়ে দেখা হবে। এদিকে সম্প্রতি রাষ্ট্রায়ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি) ডেলটা লাইফের বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে। গঠিত কমিটি খতিয়ে দেখবে যে, যথাযথ আইন অনুসরণ কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করা হয়েছিল কি না। প্রসঙ্গত, গত ২৩ জুন ডেলটা লাইফের প্রতিটি শেয়ারের দাম ছিল ১০৩ দশমিক ৩ টাকা। আর ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকায়।
