বাজেটে বরাদ্দ থাকলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২২:০২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন অনুষদের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থী ও গবেষণায় অনন্য অবদানের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রবর্তন করে কর্তৃপক্ষ। গত তিন বছর বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হলেও অজানা কারণে কাউকে এই অ্যাওয়ার্ড দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি এই খাতে বরাদ্দের টাকা অন্য কোথাও খরচ হয় কি না, সে বিষয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে বাজেটে বরাদ্দ রাখা হলেও কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের এই পুরস্কার না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৯ সালে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে বিভিন্ন অনুষদের বাছাইকৃত শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়ার কথা। পাশাপাশি গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষকদেরও এ অ্যাওয়ার্ড দেওয়ার কথা। গত তিন বছর ধরে এ খাতে ৩ লাখ টাকা করে বরাদ্দও রাখা হয়। তার পরেও কৃতী শিক্ষার্থী কিংবা গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কোনো শিক্ষককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হলেও জাবি শিক্ষার্থীদের কোনো বছর এ অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। একজন শিক্ষার্থীর কষ্টার্জিত ফলাফলের ওপর এ অ্যাওয়ার্ড প্রাপ্তি ঐ শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। তাই যত দ্রুত সম্ভব ‘ডিনস অ্যাওয়ার্ড’ চালু করা উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এক বারও দেওয়া হয়নি। যতদ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ চালু করা হোক। এ অ্যাওয়ার্ড চালু করতে অনুষদগুলোর ডিনদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির আগে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু চূড়ান্তভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) ফিরোজ আহমদ বলেন, বাজেটের ক্ষেত্রে কোনো খাতের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় না হলে, সেটা অন্য খাতে ব্যয় করা হয়। গত তিন-চার বছর ‘ডিনস অ্যাওয়ার্ডে’র জন্য বরাদ্দ রাখা হলেও সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় তা বাস্তবায়ন করা যায়নি।