চলমান লকডাউন প্রত্যাহার করে ঈদের আগেই ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে নগরীর আরডিএ মার্কেটের সামনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির আরডিএ মার্কেট ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদের নামে বিক্ষোভকারীরা থালা হাতে উক্ত কর্মসূচি পালন করে। এ সময় তারা ‘ভাত দে, ভাত দে, নইলে লকডাউন তুলে নে, নয়তো গদিছেড়ে দে’ ইত্যাদি স্লোগান দেয়। এই কর্মসূচিতে সাহেববাজার কাপড়পট্টির ব্যবসায়ী-কর্মচারীরাও অংশ নেয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিধি মেনে ঈদের আগে দোকানপাট খোলা রাখার দাবি জানালেও তারা নিজেরাই কোনো স্বাস্থ্যবিধি এমনকি সামাজিক দূরত্বও মানেননি। তবে তারা বলেন, গত লকডাউনের সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েক জন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না?
বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব ছিলেন ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজল ইসলাম, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কোকারিজ মালিক সমিতির সভাপতি তাপস, পাদুকা সমিতির সভাপতি রিপন আলীসহ আরডিএ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
