লকডাউন চলাকালে মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও রুট পারমিটের কারণে পণ্য পরিবহনের গাড়ির বিরুদ্ধে মামলা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গত বুধবার রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সমিতির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সভায় এ অনুরোধ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার।
সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, লকডাউনের মধ্যে বিআরটিএ কার্যক্রম বন্ধ থাকায় অনেক গাড়ির ফিটনেস ও রুট পারমিট করতে পারছে না। এ অবস্থায় ফিটনেস ও রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। এ অবস্থায় এসব গাড়ির বিরুদ্ধে মামলা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই। বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজি লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
