শেবাচিমে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২২:০৪

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘণ্টায় আরো ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিল ২১৭ জন রোগী। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনাক্তের হার কিছুটা কমে ৫১.৮৫ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৫ জন রোগী। করোনা ওয়ার্ড থেকে বিগত ২৪ ঘণ্টায় চিকিত্সায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিত্সািধীন ছিল ২১৭ জন রোগী।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে গত বুধবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১ দশমিক ৮৫ ভাগ। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৬৯ দশমিক ৬৭ ভাগ এবং সোমবারের রিপোর্টে শনাক্ত হয়েছে সর্বাধিক ৭৩ দশমিক ৯৩ ভাগ। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট ৭৯৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২১৮ জনের করোনা ছিল পজিটিভ