রেকর্ড জুটিতে দিনটা বাংলাদেশের

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:২৫

প্রথম দেখায় ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছিল হারারের উইকেট। সময় যত গড়িয়েছে ততই যেন রানের প্রবাহ ধরা দিয়েছে উইকেটে। গতকাল মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম টেস্ট সেঞ্চুরি, তাসকিন আহমেদ প্রথম হাফ সেঞ্চুরি করেছেন। ৯ম উইকেটে ১৯১ রানের রেকর্ড জুটি গড়েছেন তারা। ৪ রানের জন্য বিশ্বরেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬৮ রানের বড় স্কোর গড়েছে। দিনের শেষ সেশনে ব্যাটিং করা জিম্বাবুয়ে ১ উইকেটে তুলেছে ১১৪ রান। ব্রেন্ডন টেইলর ৩৭, কাইতানো ৩৩ রানে ব্যাট করছেন।

বোলিংয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন সাকিব। ২৮তম ওভারে মিলটন শুম্বাকে এলবির ফাঁদে ফেলেন তিনি। শুম্বা ৪১ রান করেন। পরে আর বিপদ হতে দেননি টেইলর ও কাইতানো। এখনো ৩৫৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।

এর আগে গতকাল শেষ ২ উইকেটে ১৭৪ রান যোগ করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে উইকেটই দেননি মাহমুদউল্লাহ-তাসকিন। ৩২ রানে ক্যাচ দিলেও মিলটন শুম্বার হাতে জীবন পান তাসকিন। ১০ নম্বর ব্যাটসম্যান হলেও মাহমুদউল্লাহকে দারুণ সঙ্গ দিয়েছেন তিনি। লাঞ্চের আগেই ১৯৫ বলে মাহমুদউল্লাহ পূর্ণ করেন পঞ্চম সেঞ্চুরি। ৬৯ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তাসকিন।

লাঞ্চের পরপরই তাদের যুগলবন্দি ১৫০ রানে পৌঁছে যায়। ১২২তম ওভারে মাহমুদউল্লাহর দুটি চারে ৯ম উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন তারা। এর আগে সর্বোচ্চ ছিল ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাহমুদউল্লাহ-আবুল হাসান রাজুর ১৮৪ রানের জুটি। ৯ম উইকেটে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি তখন দৃষ্টিসীমায়। তাসকিন মিলটন শুম্বার শিকার হলে ভেঙে যায় জুটি। ৪ রানের জন্য বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারেননি তারা। ২৩ বছর আগে বাউচার-সিমকক্সের গড়া ১৯৫ রানের জুটিটা তাই অক্ষতই রইল।

তাসকিন ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস খেলেন। তারপর দুই ওভারের মধ্যেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এবাদতকে ফেরান মুজারাবানি। তার আগে চার মেরে দেড় শ রান পূর্ণ করেন মাহমুদউল্লাহ। ১৫০ রানেই অপরাজিত ছিলেন তিনি। জিম্বাবুয়ের মুজারাবানি ৪টি, ত্রিপানো-নাউচি ২টি করে উইকেট নেন।