বাজেট ব্যবহারে উপজেলা প্রশাসনকে আট নির্দেশনা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:২৭

উপজেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেট সঠিকভাবে, অর্থাত্ কৃচ্ছ্রতার সঙ্গে ব্যবহারের জন্য আটটি নির্দেশনা দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন উপখাতের বাজেট বরাদ্দ বণ্টন এবং সঠিকভাবে বাজেট ব্যবহারের লক্ষ্যে দিকনির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী                 কর্মকর্তা এবং জেলা ও উপজেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অনুকূলে ২০২১-২২ অর্থবছরের জন্য পরিচালন কার্যক্রমের অধীন আবর্তক ব্যয় ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ এবং খরচের মঞ্জুরি দেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে আটটি দিকনির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো :

অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন প্রদান করা হবে না বিধায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না; প্রদত্ত বরাদ্দপত্রের বিষয়ে জিজ্ঞাসা থাকলে কোনো ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে; বরাদ্দকৃত অর্থ সরকারের প্রচলিত আর্থিক ও প্রশাসনিক নিয়মাবলি প্রতিপালন সাপেক্ষে কৃচ্ছ সাধনের মাধ্যমে ব্যয় করতে হবে; অর্থবছর শেষে ১৫ জুলাইয়ের মধ্যে ব্যয়ের বিবরণীসহ সমর্পণ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে; বিদ্যুত্ বিল নিয়মিত পরিশোধ করতে হবে। বিদ্যুত্ বিল পরিশোধে এই অধিশাখার ২০১৭ সালের ২ জানুয়ারি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো কারণে বিদ্যুত্ বিল বকেয়া হলে কী কারণে বকেয়া হয়েছে তার ব্যাখ্যাসহ অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে; বরাদ্দকৃত বাজেটের ভিত্তিতে অর্থবছরের শুরুতেই বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা অনুসরণ করে ব্যয় করতে হবে; অর্থবছরের শেষ পর্যায়ে তড়িঘড়ি করে অর্থ ব্যয় করার প্রবণতা পরিহার করতে হবে এবং বেতন-ভাতাদি খাতে বাজেটের বরাদ্দ সীমার মধ্যে আছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে যথাসময়ে অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে।

চিঠিতে আরো বলা হয়, জেলা প্রশাসকের অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অর্গানোগ্রামের সেটআপ অনুযায়ী কর্মরত সংরক্ষিত বিষয়ের কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাজেট বরাদ্দ থেকে বেতন ও অন্যান্য ভাতা গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত একজন পিসিএপিসি ও ৯ জনসহ মোট ১০ জন সশস্ত্র আনসার সদস্য ছাড়া অতিরিক্ত কোনো আনসার সদস্যের বেতন ও ভাতা এই মন্ত্রণালয়ের বাজেট থেকে পরিশোধ না করার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। সশস্ত্র আনসার সদস্যদের বেতন ও ভাতা পরিশোধের সময় চলতি অর্থবছরের বরাদ্দ থেকে বিগত অর্থবছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না। অর্থবছরের শেষ প্রান্তে হিসাবরক্ষণ কার্যালয়ের নির্ধারতি সময়সীমার মধ্যে বিধিবিধান অনুসরণ করে বিল দাখিল এবং আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ খাতে পদ্ধতিগত ভুলের জন্য বাজেট সমর্পণ করা হলে পুনরায় বাজেট বরাদ্দ প্রদান করা হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।