২৪ ঘণ্টায় করোনায় খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ছয় জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:২৭

গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনা বিভাগে ৫১ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৩২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে রংপুর বিভাগে ছয় জনের মৃত্যু ও পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৪৪ জন। ব্যুরো ও স্টাফ রিপোর্টারের পাঠানো খবর-

খুলনা : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরো ৫১ জনের মৃত্যু ও ১ হাজার ৭৩২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ছয় জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল ও মাগুরায় তিন জন করে এবং বাগেরহাটে ও মেহেরপুরে এক জন করে মারা গেছেন।

স্টাফ রিপোর্টার, রংপুর :গতকাল আবারও করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭৪৪ জন শনাক্ত হয়েছে। তিন জেলায় এক দিনে ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দিনাজপুরে দুই জন, লালমনিরহাটে তিন জন এবং নীলফামারীতে এক জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৮০ জন। সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুরে ২২৬, ঠাকুরগাঁওয়ে ১৪৮, রংপুরে ১১৬, নীলফামারীতে ৮৯, পঞ্চগড়ে ৫৪, গাইবান্ধায় ৪৭, কুড়িগ্রামে ৪২ এবং  লালমনিরহাট জেলায় ২২ জন আক্রান্ত হয়েছেন।