ডিজিটাল আইনের মামলায় স্বামী-স্ত্রীর জামিন

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:২৮

এক নারীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরগুনার এক দম্পতিকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সম্পর্কে স্ট্যাটাস দেওয়া অত্যন্ত ক্ষতিকর। যা অপরাধের পর্যায়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হতে পারেন। একই সঙ্গে ঐ ঘটনায় দুঃখ প্রকাশ করে আসামিদের নিজ আইডি থেকে একটি স্ট্যাটাস দিতে বলেছে আদালত। আদেশের বিষয়টি জানান আসামিদের আইনজীবী সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১৩ মে বরগুনার সদরের অধিবাসী আকতারুজ্জামানের স্ত্রী তামান্না বেগম একটি স্ট্যাটাস দেন। ফেসবুকে ঐ  স্ট্যাটাসের জেরে আকতারুজ্জামান ও তার স্ত্রী তামান্না বেগমের বিরুদ্ধে ৪ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন এক নারী। এ মামলায় তামান্নাসহ তার স্বামী গ্রেফতার হন। শুনানি শেষে হাইকোর্ট তাদের জামিন দেয়।