ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান দুতার্তে!

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৩০

ফিলিপাইনের আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। জোরালোভাবেই তিনি সেই আভাস দিয়েছেন। দুতার্তে বলেন, ‘ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে আমি গুরুত্বের সঙ্গে ভাবছি।’ রাজনৈতিক মিত্রদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে ৭৬ বছর বয়সি এই রাজনীতিবিদ বলেন, মানুষের অশেষ আবেগ আমাকে ছুঁয়ে গেছে। তারা আমাকে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হতে আহ্বান জানিয়েছেন।

সাংবিধানিক বিধিনিষেধের কারণে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হতে পারবেন না রদ্রিগো দুতার্তে। কিন্তু ভাইস-প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। ছয় বছরের ক্ষমতার মেয়াদ শেষ হতে বছরখানেকেরও কম সময় বাকি আছে তার। তিনি বলেন, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা আমি গ্রহণ করেছি। নির্বাচন নিয়ে আমি গুরুত্বসহকারে ভাবছি। গত মাসে তিনি বলেন, এটি একটি ভালো ধারণা। কারণ আমার হাতে কিছু অসমাপ্ত কাজ আছে। যেমন অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াই।

তবে তার ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রেসিডেন্ট মারা গেলে, পদত্যাগ করলে কিংবা ক্ষমতাচ্যুত হলে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। সেখানেই প্রশ্ন সমালোচকদের। কারণ সংবিধান হিসেবে তিনি তো তখন প্রেসিডেন্ট হতে পারবেন না।

জনমত জরিপ বলছে, দাভাও শহরের এই মেয়রের এখনো বিপুল জনপ্রিয়তা রয়েছে। যদিও তার মাদকবিরোধী অভিযানে বহু সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া মহামারি মোকাবিলায় তার সরকারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এক্ষেত্রে তিনি যদি কোনো বড় পদের দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে ক্ষমতা তার জন্য ঢাল হিসেবে কাজ করবে।