করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিএনপির পাঁচ দাবি

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৩১

দরিদ্র মানুষকে ঘরে রাখার জন্য তাদের প্রত্যেককে নগদ ১৫ হাজার টাকা, তাদের খাদ্য পৌঁছে দেওয়া এবং চিকিত্সাব্যবস্থা জোরদার করার পাশাপাশি ‘জাতীয় আপত্কালীন পরামর্শক কমিটি’ গঠনসহ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবিগুলো তুলে ধরেন। এছাড়া মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার দাবি জানানো হয়েছে। অন্তত ৮০ শতাংশ মানুষকে দ্রুত টিকা দেওয়ার দাবি জানিয়ে সেখানে বলা হয়েছে, একটি সমন্বিত ও সুনির্দিষ্ট রোড ম্যাপ জাতির সামনে উপস্থাপন করে তা বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে দেশে টিকা উত্পাদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএনপি বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য হাসপাতালে অক্সিজেন সরবরাহ, আইসিইউ ও কোভিড রোগীর বেড বাড়ানোসহ চিকিত্সাসামগ্রী ও পর্যাপ্ত চিকিত্সক, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এখনি’ দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ, সব রাজনৈতিক দল, এনজিও এবং সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় আপত্কালীন পরামর্শক কমিটি গঠন করতে হবে। এসব দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই পাঁচটি বিষয় করোনা নিয়ন্ত্রণে প্রধান টার্গেট হিসেবে নির্ধারণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, করোনা মহামারির বিরুদ্ধে যে লড়াই, সেটা বস্তুত একটি দীর্ঘস্থায়ী লড়াই। দরিদ্র জনগোষ্ঠীকে মানবিকসহায়তা দিতে জিডিপির ৬ থেকে ৭ শতাংশ বরাদ্দ দেওয়া ‘সম্ভব’। মির্জা ফখরুল বলেন, এ মুহূর্তে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করুন, যাতে এই শ্রেণির মানুষের কাছে খাদ্য ও টাকা পৌঁছানো যায়। এটাই একমাত্র পথ এই লকডাউন কার্যকর করার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, টিকা প্রদানকে গুরুত্ব দিতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির’ আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ বক্তব্য দেন।