জেলা আওয়ামী লীগের গুণগত পরিবর্তন চাই ------কাদের মির্জা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৩১

অপরাজনীতির হোতারা সবাই তার বিরুদ্ধে একট্টা হয়েছে দাবি করে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, একরাম অপরাজনীতি করে তাই বলে তাকে বাদ দিয়ে আরেক একরাম নেতৃত্বে আসুক সেটা আমি চাই না। আমি নোয়াখালী জেলা আওয়ামী লীগের গুণগত পরিবর্তন চাই। বুধবার রাত সাড়ে ৯টায় নিজের ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

ত্যাগী, সত্ ও যোগ্য ব্যক্তিদের নাম সম্বলিত নিজের পছন্দের লোকদের দিয়ে জেলা আওয়ামী লীগের কমিটি তৈরি করে দলীয় সভানেত্রীর কাছে পাঠিয়েছেন বলে দাবি করে আবদুল কাদের মির্জা বলেন, যেহেতু জেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন হয়নি, সেহেতু আগের কমিটি বহাল আছে। তাই আমি ঐ কমিটির সহসভাপতি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে জেলা আওয়ামী লীগের নতুন প্রস্তাবিত কমিটি পাঠিয়েছি।

কাদের মির্জা আরো বলেন, জেলা আওয়ামী লীগের এখনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় পুরো জেলায় আওয়ামী রাজনীতিতে স্থবিরতা নেমে এসেছে। ১৭ মাস পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ছাড়া দলীয় গঠনতন্ত্র মোতাবেক ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি এখনো অনুমোদিত হয়নি। একটা কমিটি করা হয়েছে, তা পকেট কমিটি। এ কমিটি আমি মানি না।