বোলিংটাই মূল কাজ, ব্যাটিং পারেন না এমন নয়। হারারে মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং সামর্থ্য তুলে ধরলেন তাসকিন আহমেদ। গতকাল টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। লাঞ্চের আগেই ৬৯ বলে মাইলফলক স্পর্শ করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত মিলটন শুম্বার বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ১৩৪ বলে ১১টি চারে ৭৫ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। শুধু প্রথম শ্রেণির ক্রিকেটই নয়, পেশাদার তথা সিনিয়র ক্রিকেটে সব ফরম্যাট মিলে এটিই তাসকিনের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
