রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে আগুন

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৪২

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রূপগঞ্জের কর্নগোপ এলাকার সেজান জুস ফ্যাক্টরি নামে পরিচিত হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কারখানার ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিন শ্রমিক নিহত হন।  আগুনের হাত থেকে বাঁচতে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ভবনের ছাদে আটকে পড়া ১২ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন—স্বপ্না রাণী (৪৫) ও মিনা আক্তার (৩৩) ও মুরসালিন (২২)। স্বপ্না সিলেটের যথি সরকারের স্ত্রী। মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুনবাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী। নিহত স্বপ্না রাণীর মেয়ে বিশাখা রাণীও এখানেই কাজ করেন। মুরসালিনের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর থানার উত্তর সুদেবপুর গ্রামে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

                আগুনে দগ্ধ ও ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত স্বপ্না, মানিক, আশরাফুল, সুমন, মোরছালিন, সজীব, মেহেদী, মুন্না, মাজেদা, রুমা, মনোয়ারা, নাদিয়া, আছমা, মারিয়া, রুজিনা, সুমা, শফিকুল, সুফিয়া, সুজিদা, পারুল, রওশন আরা, শ্যামলাকে রূপগঞ্জের কর্ণগোপ ইউএস বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে দগ্ধ ও ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত নাহিদ, মঞ্জুরুল, দ্বীপা, মহসিন, আব্দুর রহমান, আবু বক্কর, আমেনা, মুরসালিন ও মহসিনকে (২৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর। রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মুরসালিনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরির ছয়তলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলা থেকে গ্যাসলাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার কাঁচামাল, উত্পাদিত পণ্য ও মূল্যবান সামগ্রীসহ বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, ডেমরা, আড়াইহাজার, আদমজী ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনে ভবনের বিভিন্ন তলায় ফ্যাক্টরির কর্মচারী ও কর্মকর্তারা আটকা পড়েন। কেউ কেউ লাফিয়ে নিচে পড়ে আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া আগুনে নিহতের ঘটনায় আতঙ্কিত হয়ে শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি করে আহত হয়।

ফ্যাক্টরির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, কারখানার গ্যাসলাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।