জাবির নির্মাণাধীন হল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন ২২ নম্বর হল থেকে অলিউল্লাহ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের। নিহত অলিউল্লাহ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা তাইজুদ্দিন তাজুর ছেলে। তবে সে পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় ভাড়া বাসায় থাকত। সে একটি হোটেলে কাজ করত বলে জানা গেছে।

নির্মাণকাজের দায়িত্বে থাকা নূরানী কনস্ট্রাকশনের ম্যানেজার খোরশেদ আলম খোকন বলেন, ভোরে উঠে আমরা নির্মাণাধীন হলের সামনে একজনকে মৃত পড়ে থাকতে দেখি। পরে সিসিটিভির ফুটেজে দেখি, রাত ৩টার পর অলিউল্লাহসহ তিন যুবক সীমানা প্রাচীর পার হয়ে নির্মাণাধীন হলের ভেতরে প্রবেশ করেছিল। তারা চুরির উদ্দেশ্যে এসেছিল। চুরির সময় বৈদ্যুতিক শকে সে নিচে পড়ে গেছে বলে ধারণা করছি। এসআই কাজী নাসের বলেন, চুরি করতে এসে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।