সারা দেশই করোনার হটস্পট, ১৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পায়নি ........জি এম কাদের

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৪৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে এখন সারা দেশই করোনার হটস্পট হয়ে উঠেছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সঙ্গে ভয়াবহভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ৩ লাখ ডোজ পেয়ে প্রায় ৪৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে। ১৪ লাখ ৪০ হাজার জন দ্বিতীয় ডোজ পাননি। যারা দ্বিতীয় ডোজ পাননি তাদের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত সাধারণ মানুষ জানে না। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে কমপক্ষে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সে অনুযায়ী ১৩ কোটি ৬০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে শতকরা হিসাবে মাত্র ৩.৩০ শতাংশ।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত টিকার মজুত মাত্র ৫৭ লাখ।  যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আবার সরকারিভাবে বলা হয়েছে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে, যাতে প্রয়োজনীয় জনগোষ্ঠীকে টিকা দিতে এক ডোজ করে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে এবং দুই ডোজ করে দিতে গেলে এর প্রায় দ্বিগুণ সময় লাগবে। সেটাও সম্ভব হবে যদি সময়মত বাকি টিকা পাওয়া যায়। যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এ দীর্ঘ সময়ের মধ্যে করোনা দেশকে কোনো অবর্ণনীয় ভয়াবহতার দিকে নিয়ে যাবে সে বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন।