ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় আখচাষি সমিতির বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিগণ:
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও চিনিকলের আখচাষিদের ১০ কোটি টাকা বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ঠাকুরগাঁও চিনিকল গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিল চত্বরে বিক্ষোভ মিছিল বের করে চাষিরা। ঠাকুরগাঁও চিনিকলের কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উপদেষ্টা রুহুল আমিন, সহ-সভাপতি ইউনুস আলী, কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, উপদেষ্টা সালেকুল ইসলাম টুলু, ঠাকুরগাঁওয়ের আখ চাষি সমিতির সহ-সম্পাদক তোজাম্মেল হোসেন, চাষি আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঝিনাইদহ: ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের কাছে আখচাষি পাওনা টাকা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন আখচাষিরা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা। মোবারকগঞ্জ চিনিকলের কাছে বিক্রীত আখের মূল্য বাবদ চাষিদের ২০ কোটি টাকা পাওনা রয়েছে। মিল কর্তৃপক্ষ টাকার অভাবে চাষিদের পাওনা টাকা পরিশোধ করতে পারছে না। এদিকে পাওনা টাকা না পেয়ে চাষিরা চরম আর্থিক সংকটে পড়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, কৃষক মিজানুর রহমান, মনিরুজ্জামান স্বপন, আক্কাস আলী, আলি আকবর মালিতা, রমজান আলীসহ অন্যরা ।
পঞ্চগড়: পঞ্চগড় সুগার মিলসহ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৫টি সুগার মিলে সরবরাহকৃত আখের বকেয়া মূল্য পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের আহবানে কেন্দ্রীয় আখ চাষি সমিতি পঞ্চগড় এসব কর্মসূচি পালন করে। গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় আখ চাষী সমিতি পঞ্চগড় চিনিকল এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় পঞ্চগড় চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশ নেন। বিক্ষোভ মিছল শেষে সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় কেন্দ্রীয় আখচাষি সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি মো. জসিয়ার রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক ফজলে আলম প্রমুখ ।
