করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চলমান কঠোর বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া ২০ হাজার অসহায় মানুষকে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী দিচ্ছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁওয়ের মোগড়াপাড়ায় তিনি নিজ কার্যালয়ে বাস, কাভার্ড ভ্যান, অটোরিকশা ও ভাড়ায়চালিত বিভিন্ন ধরনের যানবাহনের প্রায় ৬০০ চালক-শ্রমিকের হাতে চাল, ডালসহ জরুরি নিত্যপণ্য তুলে দেন।
খোকা জানান, পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই সহায়তা দেওয়া হচ্ছে। রিকশাচালক, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষদের, ছোট দোকানদার ও দিন এনে দিনে খাওয়া দরিদ্রদের মধ্যে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করছেন। উপজেলার ৯৯টি ওয়ার্ড ও পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে তার গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোনায় আক্রান্ত গরিব মানুষের ঘরে ঘরে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছেন। গত বছরও এই স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা ৬২ হাজার মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। যারা লজ্জায় হাত পাততে পারেন না, তাদের জন্য খোলা হয়েছিল হটলাইন। ফোন পাওয়ামাত্র ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে গোপনে। মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ এবং করোনায় মৃত্যুবরণকারীদের মরদেহ দাফনের জন্য পৃথক টিম গঠন করা হয়েছিল। এছাড়াও চারটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল করোনা রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য।
