‘করোনা ব্যর্থতার’ অভিযোগে মালয়েশিয়ায় সরকার থেকে সমর্থন প্রত্যাহার শরিক দলের

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৪৪

করোনা সংকট মোকাবিলায় ব্যর্থতার দায়ে মালয়েশিয়ায় সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (আমনো)। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দলটির এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। গত বছর ফেব্রুয়ারি থেকেই মালয়েশিয়ায় ক্ষমতার টানাপোড়েন শুরু হয়। ঐ সময় বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন দেশটির রাজার কাছে তার সর্বোচ্চ সমর্থন থাকার বিষয়ে আশস্ত করতে পারলেও ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে চাপে রয়েছেন তিনি। এর মধ্যে ফেব্রুয়ারিতেই মালয়েশিয়ায় প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। করোনা মহামারি মোকাবিলায় ভয়াবহ দুর্যোগে পড়ে দেশটির সরকার।

আমনোর বর্তমান প্রেসিডেন্ট আহমদ জাহিদ হামিদির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, করোনা পরিস্থিতির প্রতিকারে প্রধানমন্ত্রীর ব্যর্থতায় তারা সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নিয়েছেন। পাশাপাশি বিবৃতিতে মহিউদ্দিন ইয়াসিনের প্রতি পদত্যাগের আহ্বান জানানো হয়। এই বছরের জানুয়ারিতে করোনা মহামারির অজুহাতে প্রধানমন্ত্রী ইয়াসিন ‘জরুরি অবস্থা’ ঘোষণার মাধ্যমে দেশটির পার্লামেন্ট স্থগিত করেন। বর্তমানে পার্লামেন্ট চালু করার দাবি জোরদার হচ্ছে। আগামী ২৬ জুলাই অল্প কিছু দিনের জন্য পার্লামেন্টের অধিবেশন বসতে যাচ্ছে। আগামী ১ আগস্ট মালয়েশিয়ায় ‘জরুরি অবস্থা’ অবসানের কথা রয়েছে।