কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১০:০০

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গে ১০ জন মারা যান।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টার মধ্যে মারা যান তারা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩২

এদিকে নতুন ২২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত ২২০ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৪ জনে। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ২৭৫ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, হাসপাতালের সম্পূর্ণ বেডগুলো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আওতায় আনা গেলে সব রোগীকেই প্রয়োজন মত উচ্চমাত্রার অক্সিজেন দেওয়া যাবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানান, হাসপাতালে উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বাড়ানো হয়েছে। বর্তমানে হাসপাতালে অক্সিজেন সঙ্কট নেই। তবে সংক্রমণ রোধ ও স্বাস্থ্য না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/এমআর